INFO Breaking
Live
wb_sunny

Breaking News

শিলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

শিলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:


● শিলা কাকে বলে?

উঃ- প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণকে শিলা (Rock) বলে।

● শিলার প্রবেশ্যতা কাকে বলে?
উঃ- শিলার প্রবেশ্যতা বলতে বোঝায় শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার ক্ষমতা।

● শিলার সচ্ছিদ্রতা কাকে বলে?
উঃ- শিলা-মধ্যস্থ শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত হল শিলার সচ্ছিদ্রতা।

● শিলা কয় প্রকার ও কি কি?
উঃ- শিলার সৃষ্টি ( উৎপত্তি ) এবং বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শিলাকে তিন ভাগে ভাগ করা যায়, যথা— আগ্নেয়শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা।

● আগ্নেয়শিলা কাকে বলে?
উঃ- ভূ-অভ্যন্তরের উত্তপ্ত আগ্নেয় পদার্থ, যেমন ম্যাগমা এবং ভূপৃষ্ঠে নির্গত লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয়, তাকে বলে আগ্নেয়শিলা (Igneous Rock)।

● নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলে?
উঃ- ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ - অভ্যন্তরের অত্যধিক চাপে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে তরল লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে বলে নিঃসারী আগ্নেয়শিলা।

● উদ্‌বেধী আগ্নেয়শিলা কাকে বলে?
উঃ- অনেকসময় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছোতে না পেরে ভূগর্ভের ভিতরেই দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাকে উদ্‌বেধী আগ্নেয়শিলা বলে।

● উপপাতালিক শিলা কাকে বলে?
উঃ- ভূ-অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমা যখন ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে শিলার সৃষ্টি করে, তখন তাকে উপপাতালিক শিলা বলে।

● পাতালিক শিলা কাকে বলে?
উঃ- ভূ-অভ্যন্তরের একেবারে তলদেশে অবস্থিত ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে।

● পাললিক শিলা কাকে বলে?
উঃ- বৃষ্টি, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি ক্ষয়প্রাপ্ত হয়।ক্ষয়কার্যের ফলে উৎপন্ন পলি সাগর মহাসাগর, নদী বা হ্রদে স্তরে স্তরে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে ওই পলি জমাট বেঁধে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা (Sedimentary Rock) বলে।

● জীবাশ্ম কাকে বলে?
উঃ- শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী দুই শিলার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকেই যায়। একে জীবাশ্ম (Fossil) বলা হয়।

● উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার ও কি কি?
উঃ- পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা দু-প্রকারের হয়। যথা— সংঘাত শিলা এবং অসংঘাত শিলা।

● সংঘাত শিলা কাকে বলে?
উঃ- প্রাচীন শিলা চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে।

● অসংঘাত শিলা কাকে বলে?
উঃ- রাসায়নিক বা জৈবিক উপায়ে যে শিলা সৃষ্টি হয় তাকে অসংঘাত শিলা বলে।

● যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কয় প্রকার ও কি কি?
উঃ- যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা তিন প্রকারের হয়। যথা— কদমময় পাললিক শিলা, বালুকাময় পাললিক শিলা এবং প্রস্তরময় পাললিক শিলা।

● রূপান্তরিত শিলা কাকে বলে?
উঃ- দীর্ঘ সময় ধরে ভূত্বকে প্রচণ্ড চাপ ও তাপের প্রভাবে আগ্নেয়শিলা ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ভৌত ও রাসায়নিক ধর্মবিশিষ্ট শিলায় পরিণত হয়। পূর্বের রূপ বা অবস্থার পরিবর্তন হয় বলে, এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা (Metamorphic Rock) বলে।

● শিলাচক্র কাকে বলে?
উঃ- প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এই বিভিন্ন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র।

● কার্স্ট ভূমিরূপ কাকে বলে?
উঃ- চুনাপাথরে গঠিত ভূমিরূপকে কার্স্ট ভূমিরূপ বলা হয়।

● খনিজ কাকে বলে?
উঃ- শিলা-মধ্যস্থ কেলাসিত, নির্দিষ্ট রাসায়নিক সংযুতিবিশিষ্ট ও নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থকে খনিজ বলা হয়।

● রেগোলিথ কাকে বলে?
উঃ- বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা (যেমন — নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্রতরঙ্গ, হিমবাহ প্রভৃতি) বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণের সৃষ্টি হয়। এই শিথিল শিলাচূর্ণকে রেগোলিথ বলে। এই রেগোলিথ হল মাটি সৃষ্টির প্রথম পর্যায়।

0 Comments: